রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

Printed Edition

রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা দ্বিতীয় দিনের আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। এরমধ্যে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শূন্যের নিচে তাপমাত্রায় হাড় হিম করা ঠাণ্ডার মধ্যে ১০ লাখেরও বেশি ইউক্রেইনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

আলোচনা শেষ হওয়ার পর যে বিবৃতি এসেছে তাতে কোনো চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দেয়া হয়নি কিন্তু মস্কো ও কিইভ উভয়ে বলেছে, তারা আরো আলোচনার জন্য প্রস্তুত আছে। শনিবার দ্বিতীয় দিনের আলোচনা শেষে সামাজিক মাধ্যম এক্স এ ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, ‘সম্ভাব্য কী কী বৈশিষ্ট্যের ভিত্তিতে যুদ্ধ শেষ হবে সেটিই আলোচনার কেন্দ্রীয় বিষয়।’

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ত্রিপক্ষীয় এই আলোচনা শেষ হওয়ার পরপরই এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আগামী রোববার আবুধাবিতে আরো আলোচনা হবে, এমন প্রত্যাশা করা হচ্ছে। পরিচয় না প্রকাশ করার শর্তে এই কর্মকর্তা বলেন, ‘আলোচনায় আমরা পক্ষগুলোর মধ্যে অনেক শ্রদ্ধা দেখেছি, তারা সত্যিই সমাধান খুঁজছিল। আমরা বিস্তারিত জানতে পেরেছি আর আমরা মনে করি আগামী রোববার হবে, খোদার ইচ্ছায়, আরেকটি বৈঠকে এই চুক্তিকে আমরা চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাবো।’

সংযুক্ত আরব আমিরাতের এক মুখপাত্র জানান, রাশিয়া ও ইউক্রেইনের কর্মকর্তারা মুখোমুখি বসে ওয়াশিংটনের শান্তি কাঠামোর উপাদানগুলো নিয়ে আলোচনা করেছেন। প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের মধ্যে এটি একটি বিরল ঘটনা। আগামী সপ্তাহে আবুধাবিতে আলোচনার পর মস্কো অথবা কিইভে আরো আলোচনা আয়োজনের সম্ভাবনার আশাবাদ ব্যক্ত করেছেন ওই মার্কিন কর্মকর্তা। পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকের আগে পুতিন, জেলেনস্কি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে বলে জানান তিনি। ‘সেখান থেকে আমরা খুব দূরে আছি এমনটা মনে করি না আমি,’ বলেন তিনি।