জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা এক কথায় ‘ওয়ান্ডারফুল’ : ইউজিসি চেয়ারম্যান

Printed Edition

‘তোমরা পার না এমন কিছু নেই। তোমাদের মনে রাখতে হবে তোমরা কারা। জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা এক কথায় ‘ওয়ান্ডারফুল’। আমি এই পরিবর্তনকে প্রকৃতির এক অনন্য উদাহরণের সাথে তুলনা করি।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানের সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি অনলাইনে যুক্ত হন। অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন জানান, হঠাৎ পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ার কারণে ড. ফায়েজ সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কিছু সূত্র থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নানামুখী সঙ্কট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান ক্ষোভ এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই তিনি সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। ববি প্রতিনিধি।