ইনিংস ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের জয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কেমার রোচের ঐতিহাসিক ৩০০তম টেস্ট উইকেটের দিনে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। জনগুর দুর্দান্ত ২৩৩ ও রস্টন চেজের ১৯৪ রানের ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। শ্রীলঙ্কার হয়ে রথনায়েকে পাঁচ উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ধনাঞ্জয়া ডি সিলভার ১২০ ও দিনেশ চান্দিমালের ৫৪ রানে শ্রীলঙ্কা ৩০৮ রানে অলআউট হয়। ফলো-অন এড়াতে ব্যর্থ হয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। একমাত্র দিনেশ চান্দিমাল কিছুটা লড়াই করে ৪৩ রান করেন। শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে অসহায় দেখিয়েছে সফরকারীদের।