স্বামীর কোদালের আঘাতে স্ত্রী ও চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
দেশের বিভিন্ন স্থান থেকে আরো ৬ লাশ উদ্ধার
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামীর কোদালের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। অন্য দিকে ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ দুই দিন পর দুর্ঘটনাকবলিত বাসের পাশের খাদ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে মানিকগঞ্জের সিংগাইরে স্কুলশিক্ষিকার লাশ নিজ বাসা থেকে, রাজবাড়ীর পাংশায় চুরির অভিযোগে মারধরের শিকার এক যুবকের লাশ, নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ নারীর ঝুলন্ত লাশ, হবিগঞ্জের চুনারুঘাটে ধানক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত লাশ এবং মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী মো: সেলিমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। দোহাজারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: সাইফুল জানান, স্ত্রীর পরকীয়া নিয়ে আগে থেকেই সেলিমের সাথে বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সে মারা যায়।
নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। সেলিমও একই ক্যাম্পের আবদুল আমিনের ছেলে। তারা চন্দনাইশ পৌর এলাকার উল্লাপাড়ায় বসবাস করতেন। চন্দনাইশ থানার পরিদর্শক এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দুই দিন পর হাফিজুর রহমান (২৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় দুর্ঘটনাকবলিত বাসটি যে খাদে পড়ে গিয়েছিল, সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। হাফিজুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের মির্জা কাওসার মোল্যার ছেলে এবং বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত সোমবার পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। ঘটনার দিন মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসটির সাথে ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। বাসটি খাদে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর হাফিজুরের সন্ধান না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। গতকাল সকালে খাদে পাট জাগ দিতে গিয়ে এক কৃষক পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের জানান। পরে স্বজনরা লাশটি হাফিজুরের বলে শনাক্ত করেন।
সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাসা থেকে সেলিনা আক্তার (৪২) নামে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে আঙ্গারিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি শিবালয়ের উলাইল ইউনিয়নের রুপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বামী জাহাঙ্গীর আলমের দাবি, প্রধান শিক্ষক সফি উদ্দিন মহির সাথে টেলিফোনে কথাকাটাকাটির পর অভিমান করে সেলিনা আত্মহত্যা করেন। তবে নিহতের বোনেরা হত্যার অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পাংশা : রাজবাড়ীর পাংশায় রাইস মিলের মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে আহতাবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, মোটর চুরির অভিযোগে তাকে আটক করে মারধর করা হয়েছিল।
আত্রাই : নওগাঁর আত্রাইয়ে তিন দিন নিখোঁজ থাকার পর গীতা রানী কবিরাজ (৫২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বলরামচক গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গত মঙ্গলবার লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে ধানক্ষেত থেকে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাকি গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
শিবচর : মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের পর মো: ফাহিম হাওলাদার (১১) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ মাছ ধরার জালে পাওয়া গেছে। গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পর নদীর ঘাটে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। বুধবার স্থানীয়রা জালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।