সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গ্রুপ পর্ব থেকেই সৌদি আরবের বিদায় নিশ্চিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন সৌদি আরব গ্রুপ ‘এইচ’-এ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে অবস্থান করে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হয় উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে অভিষেক হওয়া কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে দলটি। শেষ ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার স্পেনের কাছে ৪-০ ব্যবধানে বড় পরাজয় সৌদি আরবের বিদায় নিশ্চিত করে।
গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আল-মিসেহাল বলেন, জাতীয় দলের পরের রাউন্ডে যেতে না পারা আমাদের প্রত্যাশার সাথে যায় না। এই ফলাফলের পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি এবং যারা দলকে আরো ভালো অবস্থানে দেখতে চেয়েছিলেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
গত সাত বছর ধরে তার নেতৃত্বেই সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জন করে, যা দেশটির তেলনির্ভর অর্থনীতিকে বহুমুখী করার বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এটি ছিল সৌদি আরবের টানা তৃতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। তবে ১৯৯৪ সালে শেষ ষোলোতে ওঠার পর আর কখনো নকআউট পর্বে যেতে পারেনি দলটি।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ধারাবাহিক খারাপ ফলের কারণে ফরাসি কোচ হার্ভে রেনার্ড দায়িত্ব হারান।