ভোগাই নদীর ওপর একটি ব্রিজের অভাবে পৌরবাসীর দুর্ভোগ

Printed Edition
bangla-4
ভোগাই নদীতে দড়ি টেনে খেয়া পারাপারের দৃশ্য : নয়া দিগন্ত

আব্দুল মোমেন নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান থানাঘাট এলাকায় ভোগাই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে নদীর দুই পাড়ে বাঁধা একটি রশির সাহায্যে নৌকা টেনে পারাপার করা হয়। সেই নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করছেন।

স্থানীয়দের ভাষ্য, নদীর এ অংশ থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি সেতু রয়েছে। তবে সেখানে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়। ভোগাই নদীর দুই পাড়ে থানা, পোস্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, ফাজিল মাদরাসা, মহিলা কলেজ, সরকারি মাধ্যমিক স্কুল, বালিকা উচ্চবিদ্যালয়, সার্জেন্ট আহাদ প্রাঙ্গণ ও কর্মজীবী মহিলা হোস্টেলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নদী পার হতে হয়।

স্থানীয় লিয়াকত আলী ও ব্যবসায়ী শফিউল আলম মিন্টু বলেন, নৌকায় পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় ভিড়ের কারণে নৌকায় ওঠা যায় না। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে ঝুঁকি আরো বেড়ে যায়। শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ ও তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দূরের সেতু দিয়ে ঘুরে আসতে বাড়তি ভাড়া লাগে এবং সময়ও বেশি লাগে।

তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল বলেন, একটি মাত্র সেতুর ওপর চাপ বেশি হওয়ায় প্রায়ই যানজট তৈরি হয়। ভোগাই সেতুর ভাটিতে আরেকটি সেতু হলে দুর্ভোগ কমবে। শহীদ আব্দুর রশীদ ডিগ্রি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ বলেন, পাহাড়ি ঢলের সময় নৌকায় পারাপার বিপজ্জনক হয়ে ওঠে। উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, স্থান পরিদর্শন করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।