শোবিজ তারকাদেও আলোচিত ঘটনা

সালতামামি ২০২৫

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

বিদায়ী বছরজুড়ে শোবিজে ঘটেছে একাধিক আলোচিত ঘটনা। এগুলোর মধ্যে আনন্দ বেদনার কাব্যে কেউ হেসেছেন, কেউবা কেঁদেছেন।

ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমসের বাবা হওয়ার ঘটনাটি ছিল বেশ আলোচিত। গত বছর বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন তিনি। তবে এ ঘটনা প্রকাশ্যে আসে চলতি বছরের অক্টোবর মাসে। এরপর গত জুন মাসে স্ত্রী নামিয়ার কোলজুড়ে আসে তার ছেলে। তার নাম রাখা হয়েছে জিবরান আনাম।

১৮ মে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে ওই মামলায় তাকে আসামি করা হয়।

৪ এপ্রিল মাসে আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের কথা তুলে ধরে গৃহকর্মী পিংকি আক্তার জানান, এক মাস আগে কাদের নামের এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরীমণির বাসায় কাজে যোগ দেন তিনি।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অক্টোবর মাসে টিভি অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা করেন এক নারী উদ্যোক্তা। অভিযোগের প্রমাণস্বরূপ তিশার সাথে ওই নারী উদ্যোক্তার কথোপকথনের কয়েকটি ভয়েস রেকর্ড এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও পাঠানো হয় গণমাধ্যমে। তাতে এক শাড়ি নিয়ে তেলেসমাতির ঘটনা ঘটে। অনলাইনে একটি শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশা তার কথা রাখেননি। মাঝে ফ্যাশন পেজের স্বত্বাধিকারীর সাথে কয়েকবার ভয়েস মেসেজ দিয়ে দ্রুত কাজটি করে দেয়ার কথাও বলেন তিশা। পরবর্তী সময়ে তিশা ওই নারী উদ্যোক্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। হোয়াটসঅ্যাপ, ফোন, ইনস্টাগ্রামসহ বিভিন্নভাবে তিশার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান ওই নারী উদ্যোক্তা।

১৫ নভেম্বর স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে। এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে একের পর এক কনসার্ট। বিভিন্ন স্থানে কনসার্টের অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়েছে। গত প্রায় দুই-তিন মাস ধরেই কনসার্ট বাতিলের কথা শোনা যাচ্ছিল শিল্পী-মিউজিশিয়ানদের মুখে। কিছু জায়গায় কনসার্টের অনুমতি দেয়নি প্রশাসন। আবার কিছু জায়গায় কনসার্ট না করতে দেয়ার কথা বলে আসছে একটি দল। যার কারণে গানের আয়োজন কিংবা কনসার্ট একে একে বাতিল হয়েছে। অথচ এই সময়ে জমজমাট থাকার কথা ছিল কনসার্ট অঙ্গন। কারণ এরই মধ্যে স্টেজের মৌসুম শুরু হয়েছে। এই সময়টায় শিল্পী মিউজিশিয়ানরা স্বাভাবিকভাবেই ব্যস্ত সময় পার করেন কনসার্টে। কিন্তু সেদিক থেকে এবার বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আয়োজকরা। ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় পাকিস্তানি সঙ্গীত তারকা আতিফ আসলামের কনসার্ট।

গত ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। জানা গেছে, ঘটনার সন্ধ্যায় একদল লোক কার্যালয়ে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারো ফিরছে নতুন কুঁড়ি। স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারীর কারণে সেটা আর সম্ভব হয়নি।