মেরুদণ্ড সোজা করে সব দেশের সাথে যোগাযোগ রাখব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, অনেকদিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। আমাদের মেরুদণ্ড অনেকদিন পর শক্ত হয়েছে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে।

তিনি বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, এই সরকার সব দল-মত-ধর্ম-বর্ণ এবং আমাদের বিরোধী যারা নির্বাচন করেছে, নাগরিক সমাজ, সবাইকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্তগুলো নিতে চাই। আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শামা ওবায়েদ এ কথা বলেন।

প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে কি না- প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, সব দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ আছে, ইস্যু আছে। সেই ইস্যুগুলো সমাধানের জন্য আমাদের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে এগোতে হবে। বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে সব রাষ্ট্রের সাথে, সব সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে।

বাংলাদেশের ভিসা সমস্যা নিয়ে তিনি বলেন, এ বিষয়টি আমরা অবগত রয়েছি। কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।