যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও অনেক পথ বাকি
Printed Edition
রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে, তবে এখনো বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘অগ্রগতি হয়েছে, তবে আলোচনার জন্য এখনো অনেক বিস্তারিত বিষয় বাকি আছে। ইরানিরা বলেছে, তারা আমাদের অবস্থানের মধ্যকার কিছু ফাঁক পূরণ করতে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে।’
এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সর্বশেষ দফার পরোক্ষ পরমাণু আলোচনায় ‘আরো গুরুতর আলোচনা’ হয়েছে। তিনি আলোচনার পরিবেশকে ‘আরো গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেন। জেনেভায় আলোচনার দ্বিতীয় পর্ব শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আরাকচি বলেন, সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির কাজ শুরু করার ভিত্তি হিসেবে ‘গাইডলাইন নীতিমালার’ একটি সেটে পক্ষগুলো সাধারণ ঐকমত্যে পৌঁছেছে।
তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে যে উভয় পক্ষই সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে কাজ করবে এবং এরপর লেখাগুলো বিনিময় করবে। পরবর্তী আলোচনার সময় পরে নির্ধারণ করা হবে।’ ইরানের শীর্ষ এই কূটনীতিক আরো বলেন, মার্কিন পক্ষের সাথে পরমাণু আলোচনার সামনে একটি স্পষ্ট পথ রয়েছে, যা ইরানের দৃষ্টিকোণ থেকে ‘ইতিবাচকভাবে মূল্যায়ন’ করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, অগ্রগতির অর্থ এই নয় যে, দ্রুত কোনো চুক্তি হয়ে গেছে; বরং আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ‘ভালো অগ্রগতি’ অর্জিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘উভয় পক্ষেরই এমন কিছু অবস্থান রয়েছে যা কাছাকাছি আনতে কিছুটা সময় লাগবে।’ আরাকচি জানান, পরবর্তী রাউন্ডের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি এবং এখনই কোনো রোডম্যাপ বা রূপরেখার কথা বলা সম্ভব নয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, মঙ্গলবারের আলোচনা ‘সাধারণ লক্ষ্য এবং প্রাসঙ্গিক প্রযুক্তিগত সমস্যাগুলো চিহ্নিত করার দিকে ভালো অগ্রগতির’ মধ্য দিয়ে শেষ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলবুসাইদি আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, চূড়ান্ত চুক্তির জন্য নির্দেশিকা নীতিনির্ধারণে পক্ষগুলো ‘গুরুতর প্রচেষ্টা’ চালিয়েছে। তিনি জাতিসঙ্ঘের পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির অবদানের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, পরবর্তী বৈঠকের আগে আরো কাজ বাকি রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারের আলোচনায় মূলত পরমাণু আলোচনার প্রযুক্তিগত দিকগুলোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষ পরমাণু, আইনি ও অর্থনৈতিক বিষয়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রযুক্তিগত বিভিন্ন ইস্যুতে নোট বিনিময় করেছে।