রাজধানীর পল্লবীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানিয়েছেন, মামলা দায়েরের পর এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আরো আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, ‘যে ঘটনাটা ঘটেছে আসামি ধরা নিয়েই ব্যস্ত আছি, এই মুহূর্তে অভিযানে রয়েছি, পরবর্তীতে আরো জানানো হবে।’
এর আগে ১১ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর পল্লবী আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়। এই ঘটনার সময় চলা গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশী অস্ত্রশস্ত্র হাতে একদল ব্যক্তি একটি নির্মাণাধীন ভবনের সামনে জড় হয়ে হট্টগোল করছেন। একপর্যায়ে বিপরীত দিক থেকেও কয়েকজনকে অস্ত্র ও ইটপাটকেল হাতে পাল্টা হামলা করতে দেখা যায়।
পল্লবী থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ‘পাঁচ কোটি’ টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়।
পুলিশ বলছে, ঘটনার সময় চারটি গুলি করেছিল হামলাকারীরা। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।