মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া থানার মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক দু’টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় দুই লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৯৫ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত দু’টি বোটসহ ১২ জনকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বাসস