ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে রাখার পর রাজধানীর বনানী সড়ক ছেড়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে উত্তরা থেকে মহাখালী রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রুট নির্ধারণের দাবিতে তারা এ অবরোধ করেন।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সরোয়ার বলেন, সন্ধ্যা ৬টার পর আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেন। এখন যান চলাচল শুরু হয়েছে।

আন্দোলন চলাকালে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার আহ্বান জানিয়ে সড়কের অবস্থান ছাড়ার অনুরোধ করা হলেও অবস্থান ছাড়তে চাননি আন্দোলনকারীরা।

অবরোধকারীরা জানান, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তারা বলেন, এর আগেও একাধিকবার বিআরটিএ’র কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।