রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু রাফিয়া আর বেঁচে নেই। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।
শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৭ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।
এর আগে, বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় মা-বাবা ও সাড়ে তিন বছরের শিশু রাফিয়াকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তাদের হাসপাতালে নিয়ে আসা তাসলিমা মনি জানান, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকার খাদেমুল কুরআন মহিলা মাদরাসা গলির ছয়তলা ভবনের নিচতলায় মশার কয়েল জানানোর সময় গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে তিনজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নেয়া হয়।
তিনি আরো জানান, তাদের বাসা যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সংলগ্ন খাদেমুল কোরান মহিলা মাদরাসা গলির ৩১/১ নম্বর বাসার ছয়তলা ভবনের নিচতলায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সাড়ে তিন বছরের শিশু রাফিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাত সাড়ে ৩টার দিকে মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে, শিশুর মা ইতি ও বাবা রিপনের মৃত্যু হয়।