সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ মঞ্জুরুল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে দেশের ক্রিকেটের সব কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল ভার্চুয়াল এক সভায় এমন সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।
বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করা মঞ্জুরুল গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই। তাহলে এমন শাস্তি তার ওপর প্রভাব ফেলবে কি না সেটি প্রশ্নবিদ্ধ। যদি এমনটা হয় যে এসিসি থেকে তার চাকরির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়, তখন বিষয়টি জটিল হবে বৈকি।
শুরুতে অস্ট্রেলিয়া প্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক ইউটিউব সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগ আনলে বিসিবি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয়া হয়।
জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্ত কমিটি চারটি অভিযোগের মধ্যে দু’টি অভিযোগের সত্যতা পেয়েছে। দু’টি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।