বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার কক্ষে সেমিনার অন সায়েন্টেফিক রাইটিং অ্যান্ড এবস্ট্রাকট প্রিপারেশন শীর্ষক একটি একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।

তিনি নবীন চিকিৎসকদের বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা, মানসম্মত অ্যাবস্ট্রাক্ট প্রস্তুত এবং গবেষণালব্ধ ফলাফল যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।

রিসোর্স পারসন হিসেবে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট লেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন অন্য চিকিৎসকরা।

এতে সভাপতিত্ব করেন ক্লিনিকেল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ মো: আকরাম হোসেন। তিনি রেসিডেন্টদের দেশী-বিদেশী কনফারেন্সে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করার পরামর্শ দেন।

সেমিনারে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের রেসিডেন্টরা সেমিনারে অংশগ্রহণ করেন। পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্লিনিক্যাল অনকোলজি, অন্যান্য সেন্টারের অনকোলজির রেসিডেন্টরা অনলাইনে যুক্ত হন।