মধুখালীতে পাইপগান তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১
Printed Edition
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে একটি বাসাবাড়ি থেকে পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে মধুখালী থেকে আর্মি ক্যাম্প ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া ওই সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দু’টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাক সহ বিভিন্ন সরঞ্জাম।
জানা যায়, বাদল সরকারের বাড়িতে অভিযান চালানোকালে সেখানে পাইপগান তৈরির সরঞ্জামের পাশাপাশি লোহা গলানোর জন্য পোড়ানো কয়লা উদ্ধার করা হয়। মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা করেছে। ওই মামলায় আসামিকে গত শনিবার আদালতে পাঠানো হয়।