ফেনীর পরিকল্পিত উন্নয়নে সুজনের ৩৬ প্রস্তাবনা
Printed Edition
ফেনী অফিস
ফেনীর পরিকল্পিত উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে ৩৬ দফা প্রস্তাবনা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুজন ফেনী শাখার সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেনীর বন্যা সমস্যা সমাধানে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর টেকসই বাঁধ নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, সদর হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীতকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মুহুরী সেচ প্রকল্পের খাল পুনরুদ্ধার, নদীভাঙন রোধ, শিল্পায়ন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা, রেল যোগাযোগ সম্প্রসারণ ও পরিকল্পিত নগরায়নের দাবি জানানো হয়। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।