ফার্নান্দেজের হ্যাটট্রিকে জয় ম্যানইউর

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নবাগত দলের বিপক্ষে হেরে শুরুটা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচেও গত পরশু ছিল আরেক নবাগত দল ইপ্সউইচ টাউন। এবারো ম্যাচের শুরুতে নিজেদের মাঠে পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। পিছিয়ে পড়ার পর শঙ্কা জাগলেও প্রথমার্ধেই সমতায় ফেরে ম্যানইউ। তবে বিরতির পর আসল চেহারায় ফেরে ওল্ডট্র্যাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ৫-২ গোলে ইপ্সউইচ টাউনকে উড়িয়ে মৌসুমে প্রথম জয় পেল মাইকেল ক্যারিকের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে গত পরশু ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় ইপ্সউইচ। সফরকারীদের এগিয়ে নেন ইংলিশ ডিফেন্ডার লিফ ডেভিস। ম্যাচের ৪০ মিনিটে প্রতিপক্ষের ছোট্ট ভুলের সুযোগে আক্রমণে উঠে সমতা টানে ইউনাইটেড। মাথিয়াস কুনহার পাসে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে জালে প্রবেশ করান পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেজ। ৫৬ মিনিটে জ্যাকব গ্রিভসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩ মিনিট পর কুনহা ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় ম্যানইউ। ৬১ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ফার্নান্দেজ। ৬৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ইউনাইটেড অধিনায়ক। ৮২ মিনিটে ব্যবধান ৫-১ ব্যবধান করে ইপ্সউইচকে ম্যাচ থেকে ছিটকে দেন ব্রায়ান এমব্রেউমু। যোগ করা সময়ের প্রথম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান কমান সফরকারীদের ফরোয়ার্ড চুবা আকপম।

স্প্যানিশ লা-লিগায় দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ৪-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল সোসিয়েদাদকে। সান্তিয়াগো বার্নাব্যুতে এবার ৪-০ গোলের জয় মালাগার বিপক্ষে। জালের দেখা পেয়েছেন জুড বেলিংহাম, এমবাপ্পে ও আর্দা গুলের। অপর গোলটি মালাগার গোলরক্ষক আলফনসো হেরেরোর। লা-লিগায় গত পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ১০ জনের দল ডেপোর্টিভো লা করুণা। সেল্টা ভিগোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে অ্যাথলেটিক ক্লাব।

ইতালিয়ান সিরি ‘আ’র ম্যাচে কাগলিয়ারির বিপক্ষে হাকান কালহাগলুর একমাত্র গোলে জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান।