এশিয়ান গেমসে নেই নাহিদ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সাইড স্ট্রেইনের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ে সফরে পাওয়া এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি ডান হাতি এই গতি তারকার। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল থেকে ছোট রান-আপে বোলিং শুরু করেছেন। তবে তাকে মাঠে ফেরাতে তাড়াহুড়া করবে না টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল। এ জন্য আসন্ন এশিয়ান গেমসে নাহিদ থাকবে না বলেই মত তাদের।
তবে ফিরতে পারেন আফগানিস্তান সিরিজ দিয়ে। তবে আগামী অক্টোবর মাসে হতে যাওয়া এই সিরিজের যেকোনো একটি সংস্করণে খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে একমাত্র টেস্টে না রেখে ওয়ানডে সিরিজে সুযোগ দিতে পারেন নির্বাচকরা। নাহিদের বর্তমান অবস্থা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে আশাবাদী। ওটা মাথায় রেখে সেভাবে পরিকল্পনা করা হচ্ছে। তবে তাড়াহুড়ো নয়।’
নাহিদের পুরোপুরি সেরে উঠতে আট সপ্তাহ সময়ের প্রয়োজন। দেবাশিষ জানান, এই প্রক্রিয়ার মাঝপর্যায়ে আছেন এই ডান হাতি পেসার। প্রধান নির্বাচক হাবিবুল বাশারসহ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম এবং টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা অস্ট্রেলিয়া থেকে ফিরে নাহিদের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেছেন। সেখানে আগামী মাসের শেষ দিকে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে তাকে খেলানো হবে না বলেই নিশ্চিত করেন বাশার।