বাফুফের কিট স্পন্সর হুংকার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
এত দিন সিনিয়র জাতীয় ফুটবল দলের জন্য কিট স্পন্সর পেয়ে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর অনূর্ধ্ব-১৭ নারী দল এবং অনূর্ধ্ব-১৭ পুরুষ দলও পেয়েছিল বুটের স্পন্সর। বয়সভিত্তিক দলের সেই স্পন্সর ছিল হুংকার। তবে এবার হুংকার বাফুফের সাথে তাদের কাজের পরিধি বাড়িয়েছে। এখন তারা নারী ও পুরুষ সব বয়সভিত্তিক জাতীয় দলের কিট স্পন্সর হয়েছে। এর আওতায় তারা এই দল গুলোর ফুটবলারদের বুট, শিনগার্ড ও মুজা দেবে। এ ছাড়া রেফারিদেরও কিট স্পন্সর হয়েছে তারা। এই মর্মে গতকাল বাফুফের সাথে হুংকারের চুক্তি স্বাক্ষরিত হয়। হুংকারের সিইও শের এ মোহাম্মদ তাবিব নিজে ফুটবলার ছিলেন। ১৭ বছর বয়সে প্রথম বুট কিনে খেলেছিলেন। ছিলেন গোলরক্ষক। কিন্তু সেই ম্যাচ শেষে বাসায় ফিরে কাঁচি দিয়ে কেটে ফেলেন সেই বুট। কারণ তার জানার ইচ্ছে ছিল, বুটটা কি এমন জিনিস যা পেতে আমাকে এত অপেক্ষা করতে হয়েছিল। সেই তাবিব এখন ২৩ বছর বয়সী। এই বয়সে তিনি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কর্মকর্তা এবং বাংলাদেশ দলকে বুট স্পন্সর করছেন। এ জন্য নিজে বেশ গর্বিত বলে উল্লেখ করেন সংবাদ সম্মেলনে। তাদের প্রতিষ্ঠানের উৎপাদিত বুট পরে ফিফার ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
নরসিংদীতে তাদের কারখানায় তৈরি হচ্ছে বুট। ১৮ মাস আগে কার্যক্রম শুরু। এরই মধ্যে তারা এখন দেশের ফুটবলের একটি অংশ হয়ে গেছে।