শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর শৈশবের ক্লাব লেস্টার সিটি। দুই দশকের বেশি সময় ছিলেন এই ক্লাবে। এর মাঝে ধারে কয়েকটি ক্লাবে আগে খেললেও ক্যারিয়ারের পুরোটা সময় তার মূল দল ছিল লেস্টার সিটি। অবশেষে শৈশবের ক্লাবের সাথে সম্পর্কের ইতি টেনে স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন হামজা। হামজার দল বদলের বিষয়টি গত পরশু নিশ্চিত করেছে লেস্টার সিটি।
আট বছর বয়সে লেস্টার সিটির অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। পরে এই ক্লাবের যুব দল হয়ে মূল দলে অভিষেক হয় তার। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন দলটি থেকে ধারে বার্টন অ্যালবিওন ও ওয়ার্টফোর্ডের হয়ে খেলেন তিনি। ধারের চুক্তিতেই ২০২৪-২৫ মৌসুমে খেলেন শেফিল্ডে। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলা দলটিতে পাকাপাকিভাবে নাম লেখাচ্ছেন হামজা।
লেস্টার সিটির হয়ে মোট ১৬৫টি ম্যাচ খেলেছেন হামজা। ক্লাবটির হয়ে জিতেছেন ২০২১ সালের এফএ কাপ ও ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা। ২০২৫ সালের মার্চে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার, ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে। সেই থেকে লাল-সবুজ জার্সিতে ১০টি ম্যাচ খেলে চারটি গোল করেছেন ২৮ বছর বয়সী এই তারকা।