সিলেট ব্যুরো ও সিকৃবি সংবাদদাতা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র (ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি) বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।

সোমবার (৩১ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

এর আগে গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আসাদ-উদ-দৌলা স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে তাকে প্রক্টর পদে নিয়োগ দেয়া হয়।

এতে বলা হয়, বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের স্থলাভিষিক্ত হলেন ড. মামুন। এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

অধ্যাপক ড. রাশেদ আল মামুন এর আগে সিকৃবির সিন্ডিকেট সদস্য, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং স্নাতকোত্তর গবেষণা (পোস্ট-গ্রাজুয়েট স্টাডিজ) অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি (ফাইন্যান্স কমিটি) ও উচ্চতর গবেষণা বোর্ডেরও (অ্যাডভান্সড স্টাডিজ বোর্ড) সদস্য ছিলেন।

তিনি জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে উন্নত প্রযুক্তিতে (অ্যাডভান্সড টেকনোলজি) পিএইচডি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি প্রকৌশল) ও এমএস ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক পর্যায়ে তিনি জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ে বিশেষ নিযুক্ত অধ্যাপক (স্পেশালি অ্যাপয়েন্টেড প্রফেসর), আমন্ত্রিত অধ্যাপক ও পোস্টডক গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সেখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত আছেন।

নতুন দায়িত্ব গ্রহণ, অনুভূতি ও ক্যাম্পাস উন্নয়ন নিয়ে নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ আল মামুন বলেন, ‘নতুন এই দায়িত্ব আমার জন্য যেমন আনন্দ ও সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। আমি মনে করি, কোনো দায়িত্বই শুধু একটি পদ নয় বরং এটি মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। সেই আস্থার মর্যাদা রক্ষা করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।’