প্রথম রাউন্ডে বিদায় জোকোভিচের

Printed Edition
khela
কোর্টের ওপর পড়ে কাতরাচ্ছেন নোভাক জোকোভিচ : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

পুরুষ ও মহিলা মিলে টেনিসে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সাথে এককে যৌথভাবে ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়ে ইতিহাসে জায়গা পেয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। রেকর্ডটিকে এককভাবে নিজের করে নিতে ২৫তম গ্র্যান্ডস্ল্যাম জেতার লক্ষ্যে নেমে ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন সার্বিয়ান এই কিংবদন্তি। আর্জেন্টিনার মারিয়ানো নাভানার কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে বিদায় ঘণ্টা বেজেছে তার। বর্ণাঢ্য ক্যারিয়ারে তৃতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি। ক্যারিয়ারে দীর্ঘ ২০ বছর পর এবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন জোকোভিচ। এর আগে ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হারের পর থেকে কোনো গ্র্যান্ডস্ল্যামের প্রথম রাউন্ডে আর হারেননি ৩৯ বছর বয়সী এই তারকা।

২০২৩ সালে এই ইউএস ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ডস্ল্যাম পূর্ণ করেছিলেন জোকোভিচ। ১০ সেপ্টেম্বর নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে পরাজিত করে এই ঐতিহাসিক রেকর্ডটি স্পর্শ করেন। এই জয়ের মাধ্যমে তিনি টেনিস ইতিহাসের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যামজয়ী মার্গারেট কোর্টের অলটাইম রেকর্ড ছুঁয়ে ফেলেন। কিংবদন্তি নারী টেনিস খেলোয়াড় মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ডস্ল্যামের সর্বশেষটি ছিল ১৯৭৩ সালে ইউএস ওপেন জয়।

এর পর থেকে এখন পর্যন্ত মোট দু’বার গ্র্যান্ডস্ল্যাম টেনিস এককের ফাইনালে খেলেছেন। এই দু’টি ফাইনালের দু’টিতেই তিনি হেরেছেন স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজের কাছে। এর মধ্যে ২০২৪ উইম্বলডনের ফাইনাল চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৫) ব্যবধানে হেরে যান জোকোভিচ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৭-৫ ও ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচে এগিয়ে যান তিনি। তবে এরপরই বড় হয়ে দেখা দেয় শারীরিক সমস্যা। চিকিৎসা নিতে হয় পিঠের নিচের অংশে। দেখা দেয় ক্র্যাম্পও। শারীরিক অস্বস্তি নিয়ে চতুর্থ সেটে ৬-২ হারেন জোকোভিচ। নির্ধারক সেটে ৬-১ ব্যবধানে হেরে বিদায় নেন জোকোভিচ।

ম্যাচ চলার সময় থেকেই অস্বস্তিগুলো দৃশ্যমান হচ্ছিল। ম্যাচের মাঝপথে বমি করলেন একবার। পিঠ ও কাঁধের সমস্যা বোঝা যাচ্ছিল স্পষ্ট। পরে আর পেরে উঠলেন না জোকোভিচ। গোটা ক্যারিয়ারেই আগে কখনো ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের আগে বিদায় নেননি এই সার্বিয়ান।

আর্জেন্টাইন অবাছাই তারকার কাছে হেরে অশ্রুসিক্ত জোকোভিচ বললেন, শরীরের সাথে লড়াইয়ে পেরে ওঠেননি তিনি। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেও অবশ্য ভুললেন না।

জোকোভিচ বলেন, ‘এটা তো পরিষ্কারই যে, কোর্টে আমার জন্য অনুভূতিটা ছিল ভয়াবহ। দুর্ভাগ্যবশত, এই বছর প্রায় প্রতিটি ম্যাচেই এই সমস্যা হানা দিচ্ছে। শেষ পর্যন্ত পিঠ আর কাঁধ দুটোই ভেঙে পড়ল। তাকে অভিনন্দন। সে একজন ভালো মানুষ, একজন লড়াকু। কিন্তু আমি ম্যাচটা উপভোগ করিনি।’

ইউএস ওপেনে পুরুষ এককে এ দিন হোগো গ্যাস্টনকে সরাসরি ৬-৪, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ড্যানিয়েল মেদভেদভ। মহিলা এককে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তারই স্বদেশী সোফিয়া কেনিন। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন একাতেরিনা আলেক্সান্দ্রোভা, এলিনা সভেতলিনা ও এমা নাভারো।