ক্যান্সার আক্রান্ত সিজেএফবির প্রেসিডেন্ট : এনাম সরকার
Printed Edition
বিনোদন প্রতিবেদক
ক্যান্সারের সাথে লড়ছেন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) সভাপতি এবং এসএ টিভির সাবেক বার্তা সম্পাদক এনাম সরকার। গত কয়েক মাস ধরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ তার চিকিৎসা চলছে। ভাইয়ের মরণব্যাধির এই খবরে গভীর বিষাদে দিন পার করছেন তার বোন, ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও ‘উত্তরবঙ্গের দোয়েল’-খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
গত ২৩ আগস্ট ছিল বেবী নাজনীনের জন্মদিন। প্রতি বছর ভক্তদের অগণিত ভালোবাসায় সিক্ত হলেও এবার ছোট ভাইয়ের শারীরিক অবস্থার কারণে সব আনন্দ ফিকে হয়ে যায়। অনিন্দ্য গায়কী ও সুরের মায়ায় চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রাখা এই শিল্পী জানান, এমনিতেও তিনি ঘটা করে জন্মদিন পালন করেন না। আর এই মুহূর্তে উৎসব বা উদযাপনের কোনো অবকাশ নেই। জন্মদিনে কোনো আয়োজনের বদলে ছোট ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও দেশবাসীর কাছে সৃষ্টিকর্তার দরবারে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ারে এনাম সরকার সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ইনকিলাবসহ একাধিক গণমাধ্যমে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিবেদিতপ্রাণ এই গণমাধ্যমকর্মীকে হারানোর শঙ্কায় পুরো পরিবার এখন কঠিন ও ভারাক্রান্ত প্রহর পার করছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করার কারণে বিগত সরকারের রোষানলে পড়তে হয়েছিল বেবী নাজনীনকে। ফলে দীর্ঘ ১৫ বছর তাকে প্রবাসে কাটাতে হয়। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরে তিনি সংস্কৃতি অঙ্গন পুনর্গঠন, নতুন গান এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
রাজনীতিতে অনুকূল পরিবেশ ফিরলেও ব্যক্তিগত জীবনে ছোট ভাইয়ের এই মরণব্যাধির সাথে লড়াই কালজয়ী এ শিল্পীর প্রতিটি মুহূর্তকে করে তুলেছে উদ্বেগ আর দোয়াময়। ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’র মতো কালজয়ী গানের এই শিল্পী এখন ভাইয়ের সুস্থতার অপেক্ষায় প্রহর গুনছেন।