ইউরোপপর্ব শেষে এবার অস্ট্রেলিয়ায় ‘নগরবাউল’
Printed Edition
আলমগীর কবির
ইউরোপের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদের আবেগ, উচ্ছ্বাস আর সঙ্গীতের মাতমে সফলভাবে শেষ হচ্ছে ‘নগরবাউল’ জেমসের আন্তর্জাতিক সঙ্গীত সফর। লন্ডন থেকে শুরু করে প্যারিস, লিসবন, রোম ও ভেনিস- প্রতিটি কনসার্টেই উপচে পড়া প্রবাসী ভক্তদের উপস্থিতি প্রমাণ করেছে দেশের মাটির সঙ্গীতের প্রতি তাদের গভীর টান।
গত ২৩ আগস্ট ইতালির ভেনিসের ঐতিহ্যবাহী ‘থিয়েটার কোরসা’য় আয়োজিত কনসার্টে প্রিয় শিল্পীকে ঘিরে প্রবাসী ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আবেগভরা কণ্ঠে তিনি পরিবেশন করেন ‘বাংলাদেশ’, ‘সুন্দরীতমা’, ‘পাগলা হাওয়া’, ‘গুরু ঘর বানাইলা’সহ জনপ্রিয় সব গান। মিলনায়তনজুড়ে দর্শক-শ্রোতারা শিল্পীর সাথে গলা মেলান এবং চমৎকার মুহূর্তগুলো মোবাইল ফোনে ধরে রাখেন। শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর জানান, দর্শক-ভক্তদের স্বতঃস্ফূর্ত আবেগ শিল্পী নিজেও ভীষণ উপভোগ করেছেন।
আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনের স্টকহোমে কনসার্টে পারফর্ম করবেন জেমস। আর এই শেষ আয়োজনের মাধ্যমেই পর্দা নামবে তার এবারের সফল ও বহুল আলোচিত ইউরোপ সফরের। গত ২৫ জুলাই লন্ডনের ‘সিটি প্যাভিলিয়ন’ থেকে সূচনা হওয়া এই সফরে পর্তুগালের লিসবন ও ফ্রান্সের প্যারিসেও জেমসের গান শ্রোতাদের মুগ্ধ করেছে।
তবে সফরের মাঝে ১৬ আগস্ট ইতালির রোমে কনসার্ট শেষে হোটেল রুমসংক্রান্ত বিষয়ে আয়োজকদের অপপ্রচারের কারণে এক অনাকাক্সিক্ষত বিতর্ক তৈরি হয়। তবে সব ভিত্তিহীন বিতর্কের বিরুদ্ধে দেশের সঙ্গীতাঙ্গন এক হয়ে জেমসের পাশে দাঁড়ায়।
ইউরোপের ছয়টি শহরের সফর শেষ করে বিরতিহীনভাবেই অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি জমাবে নগরবাউল। সেখানে আগামী ১২ সেপ্টেম্বর সিডনি এবং ১৯ সেপ্টেম্বর মেলবোর্নে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। সব মিলিয়ে ইউরোপ ও অস্ট্রেলিয়ার মোট ৮টি শোর মধ্য দিয়ে প্রবাসী শ্রোতাদের মাঝে তৈরি হওয়া এই আবেগঘন সঙ্গীত স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকরা।