অপূর্বর সাথে আবারো শামীম মোল্লা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
শামীম মোল্লা মঞ্চ ও টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনেতা। মরহুম সিরাজ হায়দারের ‘রঙ্গনা’র নিয়মিত একজন নাট্যকর্মী তিনি। টিভি নাটকে তার প্রথম অভিনয় ‘পরাণ পাখি মোবাইল সেন্টার’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এটি পরিচালনা করেছিলেন মারুফ আহমেদ খান। এরপর শামীম মোল্লাকে মেহেদী হাসান হৃদয়ের ‘খোট’, মাবরুর রশীদ বান্নাহর ‘জুতা নিজ দায়িত্বে রাখিবেন’, তানিম রহমান অংশুর ‘অচেনা আমি’, ওয়েব ফিল্ম টাকশাল’, ‘তোমার জন্য মন’-এ অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন শামীম মোল্লা। তার অভিনীত প্রথম সিনেমা এ আর রহমানের ‘এক পলকের দেখা’। এরপর তিনি অনম বিশ^াসের ‘দুই দিনের দুনিয়া’, উত্তম আকাশের ‘প্রেম চোর’ সিনেমাতেও অভিনয় করেছেন। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমাটি। এরই মধ্যে শামীম মোল্লা আবারো জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথেও অভিনয় করার সুযোগ পেয়েছেন। মাশরিকুল আলমের পরিচালনায় ‘নীলপরী’ নাটকে আবারো অপূর্বর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এর আগে অপূর্বর সাথে ‘অচেনা আমি’ ও ‘পথে হলো পরিচয়’ নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন। আবারো অপূর্বর সাথে একই নাটকে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত শামীম। নীলপরী নাটকে কাজ করা প্রসঙ্গে শামীম মোল্লা বলেন, ‘আমার চোখে দেখা বাংলাদেশে যত অভিনেতা আছেন তার মধ্যে অপূর্ব ভাই অন্যতম সেরা অভিনেতা। তার সহজ সরল মনোভাব এবং সবাইকে আপন করে নেয়ার যে মানসিকতা তা সবাইকে মুগ্ধ করে। একজন সহশিল্পীকে আপন করে নিয়ে কীভাবে অভিনয় আদায় করে নিয়ে কাজটা সুন্দর করতে হয় অপূর্ব ভাই তার প্রমাণ।