প্রার্থীদের ঋণ বিষয়ে সঠিক তথ্য দেয়ার নির্দেশ অর্থ মন্ত্রণালয়ের
ভুল তথ্য দিলে ব্যাংকারদের বিরুদ্ধে ব্যবস্থা
Printed Edition
বিশেষ সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিষয়ে সঠিক তথ্য দেয়ার জন্য ব্যাংকারদের প্রতি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। যদি কোনো ব্যাংক কর্মকর্তা ভুল তথ্য প্রদান করেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে চলতি সপ্তাহে এফআইডি থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ‘ব্যাংকের ঋণ খেলাপসংক্রান্ত তথ্য সংকলন ও সরবরাহ সংক্রান্ত’ পরিপত্রে বলা হয়েছে, ‘ ঋণ খেলাপ সম্পর্কিত তথ্যের নির্ভুলতার সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংক/বিশেষায়িত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক/ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর বর্তাবে। ভুল তথ্য পরিবেশন কিংবা ঋণ খেলাপ সম্পর্কিত তথ্য উপস্থাপনে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
প্রার্থীদের বিষয়ে রিটার্নিং অফিসার সহায়তা করার নির্দেশনা দিয়ে পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘সকল ব্যাংক/বিশেষায়িত ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হতে তা বাছাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সময়কাল (সরকারি/সাপ্তাহিক ছুটি এবং অফিস সময়ে পরে হলেও) ক্ষেত্র মতে নিজ নিজ দফতরে/রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকবেন এবং রিটার্নিং অফিসার কোনো তথ্য কিংবা সহায়তা চাইলে তা প্রদান করবেন।’
‘দ্য রিপ্রেজেনটেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২(সংশোধিত, ২০২৫) অনুসারে এই বিধানগুলো রয়েছে বলে পরিপত্রে বলা হয়েছে। বলা হয়েছে, ‘অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮নং আইন) দ্বারা সঙ্ঘায়িত কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে, কোনো ব্যাংক, বিশেষায়িত ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের অর্থ বা উক্ত ঋণের কোনো কিস্তি পরিশোধে খেলাপি হয়ে থাকলে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১২-এর দফা(১) অনুযায়ী সংসদের সদস্য নির্বাচিত হওয়ার অথবা সংসদ সদস্য থাকবার অযোগ্য হবেন।’
যদি কেউ কোনো ঋণখেলাপি কোম্পানি/ব্যাংক/বিশেষায়িত ব্যাংক/ফার্ম/ ফাইন্যান্স কোম্পানির পরিচালক পদ হতে পদত্যাগ করেন, তা হলে সেটি বৈধ বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত না ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট বিধানের অধীন এবং ক্ষেত্রমতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক/ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মতিক্রমে উক্ত পরিবর্তন রেজিস্টার, যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর কর্তৃক গৃহীত হয়ে সংশ্লিষ্ট দলিলাদি সংশোধন করা হবে।
ঋণ খেলাপসংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তৎপূর্বে রিটার্নিং অফিসারকে প্রদান করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।