গণ-অভ্যুত্থানে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল : রহমতুল্লাহ
Printed Edition
জুলাই গণ-অভ্যুত্থানের সফলতাকে যারা কুক্ষীগত করার অপচেষ্টা করেছে, তারা দেশ ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ। গত মঙ্গলবার বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড়চাউলাকাঠী গ্রামের সন্তান ও ছাত্রদল নেতা জুলাই শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রহমতুল্লাহ বলেন, ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান ছিল প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন। এ আন্দোলনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল।
গণ-অভ্যুত্থানের সফলতার পর একটি মহল এর অর্জনকে কুক্ষীগত করে নিজেদের একক অবদান হিসেবে প্রচার করার চেষ্টা করেছিল।
তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হোক। কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা গণ-অভ্যুত্থানের অর্জন ছিনতাই করতে চেয়েছিল, তারাই এখন প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।
কবর জিয়ারত শেষে রহমতুল্লাহ শহীদ তাহিদুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ পরিবারের পাশে সর্বাত্মকভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান। বিজ্ঞপ্তি।