সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশুর মৃত্যু

মাদারীপুরে ফার্নিচার দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে ওই এলাকার রবিউল মাতুব্বরের ফার্নিচার দোকানে কাজে আসে শ্রমিকরা। হঠাৎ দোকানে থাকা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। হঠাৎ বিকট শব্দ পান এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে আহত শ্রমিক নিরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে নিরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাদারীপুর প্রতিনিধি।

সালথায় সাপের দংশনে ২ জনের মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক স্থানে সাপের দংশনে এক গৃহবধূ ও তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) এবং সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে সাকিবা আক্তার (৩)। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি ইঁদুরের গর্তে অসাবধানতাবশত পা দিলে গর্তে থাকা একটি সাপ সরস্বতী মণ্ডলকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। অন্য দিকে একই দিনে সোনাতুন্দী গ্রামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে ছোট্ট সাকিবা আক্তার একটি ইঁদুরের গর্তে হাত দিলে সাপ তাকে দংশন করে। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। পরে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেয়া হলে তিনি সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানান। তবে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।

নওগাঁ সীমান্তে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর পতœীতলা ব্যাটালিয়ন সীমান্ত এলাকা থেকে কেজি ওজনের ১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, গত ৩ আগস্ট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: হাচানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫০/২-এস হতে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরাডাঙ্গা এলাকার বন বিভাগের পুরাতন আকাশমনি বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সঙ্ঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৯৪.৭৫০ কেজি। পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি।

রানীশংকৈলে বন্য প্রাণীর কামড়ে আহত ১২

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বন্য প্রাণীর হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন আক্রমণের পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গ্রামবাসীরা বাড়ির আঙিনায় ও স্থানীয় দোকানে অবস্থান করার সময় একটি বন্য প্রাণী আকস্মিক হামলা চালায়। এটি বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে দিয়ে সটকে পড়ে। একপর্যায়ে প্রাণীটি বাড়িতে ঢুকে শিশু ও গবাদিপশুর ওপরও আক্রমণের চেষ্টা চালায়। পরবর্তীতে এলাকাবাসী একত্র হয়ে ধাওয়া দিলে এটি পালিয়ে যায়। আক্রান্তদের মধ্যে বয়োবৃদ্ধ ময়রমা (৭২), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলসহ অন্তত ১২ জনের নাম জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, এটি দেখতে হায়নার মতো ছিল এবং একটি মাত্র প্রাণীই পর পর দুইটি গ্রামে এই তাণ্ডব চালিয়েছে। রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

নড়িয়ায় বোমা তৈরির সরঞ্জামসহ আটক ১

নড়িয়ায় হাতবোমা তৈরির সরঞ্জাম, মাদক ও নগদ টাকাসহ ইনসান ঢালি নামে একজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। গত মঙ্গলবার ভোর রাতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় ইনসান ঢালির বাড়িতে তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা, দুই হাজার ৫০ টাকা, ৪টি মোবাইল ফোন এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১০০টির বেশি মার্বেল, ১০০টির বেশি কাঠিযুক্ত দিয়াশলাই, কয়েকটি কাঠিবিহীন দিয়াশলাইয়ের বারুদ, একটি কাঁচি ও একটি হাতুড়ি। প্রাথমিকভাবে এসব সরঞ্জাম ককটেল বা হাতবোমা তৈরিতে ব্যবহৃত করা হয় বলে জানিয়েছে পুলিশ। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইনসান ঢালির বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন এবং ককটেল (হাতবোমা) তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি।

ভাঙ্গুড়ায় ৫ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ পরিকল্পনার অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান। এ সময় উপজেলা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী উপস্থিত ছিলেন। জানা যায়, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে উপজেলা অষ্টমনীষা ইউনিয়নের ছোট বিশাকোল বাজার থেকে বড় বিশাকোল বাজার পর্যন্ত এবং ডেঙ্গারপাড়া সড়ক থেকে ধলাগাড়া ঘাট পর্যন্ত মোট পাঁচ কিলোমিটার সড়কে দুই পাশ দিয়ে এই বনজ, ফলজ ও ঔষধি প্রকৃতির বৃক্ষরোপণ করা হবে। রোপিত বৃক্ষের মধ্যে রয়েছে জারুল, কাঠবাদাম, ছাতিয়ান, কড়াই, মেহগনি, আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা।

ধনবাড়ীতে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক কর্মশালা

‘দুর্ঘটনা দুর্যোগ, সবার পাশে, সবার আগে’ এই সেøাগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক সচেতনতামূলক কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ধনবাড়ী উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল টাঙ্গাইলের সহকারী পরিচালকের দফতরের পরিদর্শক সোহেল রানা, ধনবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ সানোয়ার হোসেন ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়া দিগন্তের সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।

নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন করা হয়েছে। গত সোমবার দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের পাশে স্মৃতি পরিষদের নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের চক্ষু রোগী বাছাই করে ২৫০ জনের চোখে লেন্স স্থাপনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা: জুবায়ের রিয়েলের তত্ত্বাবধানে রোগীদের বাছাই করা হয়। মরহুম শরীফ আতিয়ার রহমানের ছেলে ডা: শামীম আতিক জানান, এবার চক্ষুক্যাম্পের মধ্য দিয়ে চতুর্থবারের মতো চোখে লেন্স স্থাপনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারই ২৫০ জন করে চারধাপে এক হাজার রোগীকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। নড়াইল প্রতিনিধি।