আগৈলঝাড়ায় তীব্র বিদ্যুৎসঙ্কট, জনজীবনে দুর্ভোগ

Printed Edition

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় তীব্র বিদ্যুৎ সঙ্কটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন চাহিদার মাত্র ৩৫ থেকে ৪৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দিন-রাতজুড়ে অনবরত লোডশেডিং হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার পাশাপাশি বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে এবং বাসাবাড়িতে খাবার নষ্টসহ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা) উপজেলায় বিদ্যুতের ১৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র পাঁচ থেকে ছয় মেগাওয়াট। অন্য দিকে অফ-পিক আওয়ারে আট মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র চার মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহের কারণে এ বিরাট ঘাটতি তৈরি হয়েছে। আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: সিদ্দিকুর রহমান বলেন, জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়ায় এ সাময়িক সঙ্কট তৈরি হয়েছে। বরাদ্দ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন। অন্য দিকে অতিষ্ঠ এলাকাবাসী বিদ্যুৎ সঙ্কট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।