ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ, মুক্তিপণ দাবি
Printed Edition
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে মারধর এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই এনায়েত মোল্লা নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইককান্দি গ্রামের বাসিন্দা লিটন মোল্লা গত ২ আগস্ট রাত ৯টার দিকে দেলবাড়িয়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে লিটনের পরিবারের সদস্যদের জানান, ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে। পরে ওই ব্যক্তিরা লিটন মোল্লার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে লিটনকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়া হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, লিটন মোল্লাকে একটি মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে নিয়ে মারধর করা হচ্ছে বলে ফোনে জানানো হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরে তারা নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নগরকান্দা থানায় ওসি জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় অ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।