বগুড়া-৬ আসনের উপনির্বাচন, সাড়ে ৪ লাখ ভোটারের ভোটকেন্দ্র ১৫০টি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ আসনের উপনির্বাচন। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে আসনটির ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমশিন (ইসি)। এতে জানানো হয়, এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। আর পোস্টাল ভোটারসহ ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন।

ইসি থেকে বলা হয়, বগুড়া-৬ আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত। এতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন আছে। এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। এতে ভোটার সংখ্যা চার লাখ ৫০ হাজার ৩০৭ জন। আর পোস্টাল ব্যালট কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৭৩৬ জন। এদের মধ্যে হিজড়া ভোটার ১০ জন।

এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: আবিদুর রহমান, বিএনপির মো: রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো: আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু, সংসদে একই সাথে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।