পাবনা-১ ও ২ আসনের স্থগিত নির্বাচন নিয়ে আপিল শুনানি আজ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
স্থগিত হওয়া পাবনা-১ ও ২ আসনের সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি আজ (বুধবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৯ জানুয়ারি আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এই দুই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। বিষয়টি নিশ্চিত করে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও ২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহালসংক্রান্ত ইসির গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাসসংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়। এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর রুল জারি করা হয়। পরে চূড়ান্ত শুনানি শেষে ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন।
রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সাথে যুক্ত করার বিষয়ে ইসির গেজেটের অংশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। সেই সাথে ২৪ ঘণ্টার মধ্যে আগের সীমানা অনুযায়ী গেজেট প্রকাশের নির্দেশ দেয়া হয়। এর ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভাসহ বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা) নিয়ে পাবনা-১ আসন এবং বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন পুনর্গঠন করা হয়। এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা নিয়েই বর্তমানে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।