কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

Printed Edition
onno-2
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির ‘বারজান’ স্থানীয় গ্যাস সরবরাহ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য : ইন্টারনেট

আলজাজিরা

কাতারের রাস লাফান শিল্পনগরীতে অবস্থিত দেশের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে বারজান কারখানায় এই বিস্ফোরণ ঘটে। নিখোঁজদের খোঁজে ইতোমধ্যেই ‘কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ’ উদ্ধার তৎপরতা শুরু করেছে। কাতার এনার্জি জানিয়েছে, দুর্ঘটনার পরপরই তাদের জরুরি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই ঘটনায় কোনো গ্যাস লিক হয়নি এবং জনসাধারণের জন্য কোনো বিপদ নেই। বিশ্বের সর্ববৃহৎ এই এলএনজি রফতানি কেন্দ্রটি রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত, যা বৈশ্বিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে। এর আগে, গত মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাস লাফান কেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় কাতার এনার্জি সাময়িকভাবে গ্যাস সরবরাহের চুক্তিগত বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়ায় চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও বেলজিয়ামের মতো ক্রেতা দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়।