মরক্কোর বিপক্ষে হাইতির সম্মান বাঁচানোর লড়াই

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগমীকাল ভোর ৪টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। এক দিকে নকআউট নিশ্চিত করার সুযোগ, অন্য দিকে বিদায়ের আগে সম্মান রক্ষার লড়াই দুই দলের লক্ষ্য একেবারেই ভিন্ন। গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে দারুণ অবস্থানে আছে মরক্কো। প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউটের খুব কাছে পৌঁছে গেছে আফ্রিকার প্রতিনিধিরা।

বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর নিয়ন্ত্রিত ফুটবল ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে তারা ৬০১টি সফল পাস সম্পন্ন করে যা বিশ্বকাপে ১৯৬৬ সালের পর কোনো আফ্রিকান দলের সর্বোচ্চ। শুরুতেই ইসমাইল সাইবারির দ্রুত গোল এবং পরে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ দলটিকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ছয় দলের একটি মরক্কো। তাদের ওপরে আছে মাত্র কয়েকটি পরাশক্তি, আর তারা পেছনে ফেলেছে পর্তুগাল, নেদারল্যান্ডস ও জার্মানির মতো দলকেও। শেষ ষোল নিশ্চিত করতে মরক্কোর জন্য সবচেয়ে সহজ সমীকরণ হাইতিকে হারানো। তবে ড্র বা হারলেও সুযোগ থাকতে পারে, যদি স্কটল্যান্ড ব্রাজিলের কাছে হারে।

২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো এবারও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩১ ম্যাচে হার নেই।

অন্য দিকে হাইতির জন্য এই ম্যাচ শুধুই মর্যাদার। টুর্নামেন্টের সবচেয়ে নিচের র‌্যাঙ্কিংধারী দল হিসেবে আসা ক্যারিবিয়ান দেশটি ইতোমধ্যে বিদায় নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হেরে তারা পয়েন্টশূন্য অবস্থায় আছে।