বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে জর্দানে নিহত ১

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নিজেদের ইতিহাসের প্রথম অংশগ্রহণ ঘিরে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছিল জর্দান। তবে সেই উৎসবের আবহ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে রাজধানী আম্মানে। বিশ্বকাপে জর্দান-আলজেরিয়া ম্যাচ দেখার সময় দর্শকদের ভিড়ে পদদলিত হয়ে একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থার তথ্যানুযায়ী, ঘটনাটি ঘটে আম্মানের কেন্দ্রীয় হাশেমাইট স্কয়ারে, যেখানে বড় পর্দায় ম্যাচ দেখার জন্য হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। ওই ম্যাচে জর্ডান ২-১ ব্যবধানে হারে আলজেরিয়ার কাছে।

প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত ভিড় ও দর্শকদের একসাথে নড়াচড়ার কারণে সেখানে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন। জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোট ৯ জনকে হাসপাতালে নেয়। পরে আহতদের মধ্যে একজন মারা যান। অন্য আটজনের আঘাত তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বলে জানানো হয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।

বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়ায় জর্দানজুড়ে ম্যাচটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয় এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। তবে আনন্দঘন সেই আয়োজন শেষ পর্যন্ত দুর্ঘটনায় রূপ নেয়। এখন এই দুর্ঘটনা দেশটির ফুটবল উৎসবের স্মৃতির সাথে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকল।