কাউন্টিতে হাসান চমক থামছেই না

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

কাউন্টি ক্রিকেট মাতাচ্ছেন বাংলার পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৩৯ বলে ২২ রানের হার না মানা ইনিংসের সাথে বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাতেই মিডলসেক্সকে ৪৯ রানে হারিয়েছে তার দল কেন্ট। ৮ ম্যাচে ৪ জয় এবং ৩ ড্রয়ে ১১৭ পয়েন্ট সংগ্রহ করলো হাসান মাহমুদের দল কেন্ট। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কেন্ট। শীর্ষে অপরাজিত দল ডারহাম।

প্রথম ইনিংসে ৪১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কেন্ট। যেখানে ব্যাট হাতে ৩৯ বলে ২২ রানের হার না মানা ইনিংস খেলে বড় অবদান রাখেন হাসান। জবাব দিতে নেমে লিড নিয়েছে মিডলসেক্স। প্রথম ইনিংসে ৪৪৩ রান তোলে তারা। পেয়েছে ২৭ রানের লিড। বল হাতে ২০ ওভারে ৭৭ রান দিয়ে নেন ২ উইকেট।

পরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ২৫৭ রান তোলে কেন্ট। এবার ব্যাট হাতে রান পাননি হাসান। ৫ বল খেলে ০ রানে টিকে ছিলেন। মিডলসেক্সের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। তবে মাত্র ১৮১ রানেই তাদেরকে থামিয়ে দেন হাসানরা। এবার ৫১ রানে পেয়েছেন ১ উইকেট। ৩১ রান দিয়ে ৫ উইকেট নেন হাসানের সতীর্থ ম্যাট মিলনেস।