চার বছর নিষিদ্ধ ভন্দ্রুশোভা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন ভন্দ্রুশোভা ডোপিংয়ের কারণে চার বছরের জন্য টেনিস থেকে নিষিদ্ধ হয়েছেন। যদিও তিনি জোর দিয়ে বলেছেন, তিনি কখনো ডোপিং করেননি। আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি পরশু জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ডোপ পরীক্ষা নিতে আসা কর্মকর্তাকে নমুনা দিতে অস্বীকৃতি জানানোর দায়ে এই শাস্তি দেয়া হয়েছে চেক তারকাকে।
তবে ২০২৩ সালের গ্ল্যান্ডস্লাম জয়ীর দাবি, তিনি কোনো নিয়ম ভাঙার উদ্দেশ্যে কাজ করেননি। সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, তার পুরো ক্যারিয়ারে অসংখ্য ডোপ পরীক্ষা হয়েছে এবং সবটিতেই ফল নেগেটিভ এসেছে। বিতর্কিত ঘটনার তিন দিন পরও তার পরীক্ষা হয়েছিল, সেখানেও কোনো নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়নি।
স্বাধীন ট্রাইব্যুনাল অবশ্য তার ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করেনি এবং পরীক্ষায় অংশ না নেয়ার পক্ষে যথেষ্ট কারণ দেখেনি।
এই নিষেধাজ্ঞার ফলে ভন্দ্রুশোভা এখন আন্তর্জাতিক টেনিস ফেডারেশন, মহিল টেনিস ফেডারেশন এবং গ্র্যান্ডস্ল্যাম আয়োজিত কোনো প্রতিযোগিতায় খেলতে, কোচিং করতে বা উপস্থিত থাকতে পারবেন না।