আলকারাজ-সাবালেঙ্কা-সুয়েটেকের দাপট
Printed Edition
ক্রীড়া ডেস্ক
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোজে জমে উঠেছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে পুরুষ ও নারী এককে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের আলোচনার কেন্দ্রে ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ, নারী এককের শীর্ষ তারকা আরিনা সাবালেঙ্কা, ইগা সুয়েটেক, বেন শেলটন ও স্টেফানোস সিতসিপাস।
দীর্ঘ বিরতির পর কোর্টে ফিরেই দারুণ জয় পেয়েছেন আলকারাজ। রোমান সাফিউলিনকে সরাসরি তিন সেটে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ এই তারকা। ঘরের মাটিতে লড়াই করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বেন শেলটনের। টালন গ্রিকস্পোরের বিপক্ষে প্রথম সেটে ১-৬ গেমে হেরে যান অষ্টম বাছাই। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেট ৬-১, ৭-৬ (৭-৩), ৬-২ ব্যবধানে জিতে নেন তিনি। দিনের অন্যতম বড় চমক স্টেফানোস সিতসিপাস। সম্প্রতি সিনসিনাটি ওপেন জেতা দশম বাছাই আর্থার ফিলসকে ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়ে দিয়েছেন গ্রিক তারকা। পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আন্দ্রে রুবলেভ, যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফো।
নারী এককে শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী শুরু করেছেন আরিনা সাবালেঙ্কা। ক্যামিলা ওসোরিওকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলারুশের এই তারকা। তবে সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল নাওমি ওসাকার। আনাস্তাসিয়া জাখারোভাকে দুই সেটেই টাইব্রেকারে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৩) হারিয়েছেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। চীনের ওয়াং জিউয়ের বিপক্ষে ৬-২, ৬-৩ গেমে জিতেছেন ইগা সুয়েটেক। ক্লারা টাউনসকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন স্লোন স্টিফেনস।