কুয়েটের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
অচিরেই ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে
Printed Edition
খুলনা ব্যুরো
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অচিরেই ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ নিয়োগ দেয়ার মাধ্যমে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। শিক্ষায় ২% থেকে জিডিপির গ্রোথ ৫% নিয়ে যাওয়া হবে। শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেলও ঘোষণা করা হবে।
খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবসের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দেশের চাহিদা অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয় স্থ’াপনের পাশাপাশি বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর কলেবরও বৃদ্ধি করা হবে। বিএনপি সরকার থাকাকালে ২০০৩ সালে দেশের চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঐতিহাসিক ঘোষণা দেয়া হয়। সে ধারাবাহিকতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) যাত্রা করা হয়।
কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃৃৃতায় জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, এ বিশ্ববিদ্যালয়টি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। এ ক্যাম্পাসে প্রকাশ্যে বা গুপ্ত অবস্থায় রাজনীতি করা যাবে না।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃৃতা করেন, উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. হাসান আলী। দুপুরে অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, স্টল পরিদর্শন, কুয়েটের অর্জন (ঐতিহ্য ও ভবিষ্যৎ) বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।