রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদারের দাবি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও ভোগ্যপণ্য ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, বাজার কারসাজি এবং অপ্রতুল নজরদারির কারণে ভোক্তাকে অতিরিক্ত দাম গুনতে হচ্ছে। বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন।

এফবিসিসিআইর প্রশাসক মো: ফজলুল হকের সভাপতিত্বে সভায় ব্যবসায়ীরা বলেন, রমজান সামনে রেখে বাজারে পণ্যের চাহিদা বাড়বে। এ সময়ে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো পর্যায়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। একই সাথে বাজারে কৃত্রিম সঙ্কট ও মজুদদারি ঠেকাতে আগাম ব্যবস্থা নিতে হবে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পণ্যের সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রয়েছে। এর সাথে সড়কে চাঁদাবাজির কারণে পণ্যের পরিবহন ব্যয়ও বেড়ে যায়। ফলে যে সবজি ৩০ টাকায় পাওয়া যায়, সেটিই শেষ পর্যায়ে ৮০-১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, কিছু মুনাফাখোর ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় পুরো ব্যবসায়ী সমাজকে বহন করতে হয়। তিনি অভিযোগ করেন, করপোরেট প্রতিষ্ঠানগুলো ৫০ টাকার মিনিকেট চাল প্যাকেটজাত করে ৭০ টাকায় বিক্রি করছে। অথচ ‘মিনিকেট’ নামে কোনো ধানের জাত নেই।

মধ্যস্বত্বভোগীদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীরা ২৫ শতাংশ পর্যন্ত অর্থ নিয়ে যাচ্ছে। পাশাপাশি বাজারে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ চাঁদাবাজির সাথে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। শ্যামবাজারে পুলিশ চাঁদা তোলে বলেও দাবি করেন এ ব্যবসায়ী নেতা।

খিলগাঁও (তালতলা) সিটি করপোরেশন সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী আনিসুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেয়া হলে ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারতেন। বাজারে ব্যবসার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

ফকিরেরপুল বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির শওকত হোসেন বলেন, প্রতিটি বাজারেই এক ধরনের ‘কন্ট্রোলার’ রয়েছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সে সরকারের লোকজন বাজার নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের প্রভাবমুক্ত করে বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বাজার মনিটরিংয়ের অভাবেই পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। তার প্রশ্ন, এক রাতের ব্যবধানে কোনো পণ্যের দাম ৫০ টাকা থেকে ৭০ টাকা হয়ে যায় কিভাবে? বাজারে এমন একটি সিন্ডিকেট রয়েছে, যাকে সরাসরি দেখা বা শনাক্ত করা না গেলেও তার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়ে।

ডাল ও ছোলার বাজার নিয়েও উদ্বেগের কথা জানান পালস অ্যান্ড ল্যান্টিল ক্রাশিং মিল মালিক সমিতির বিকাশ চন্দ্র সাহা। তিনি বলেন, মাত্র ১০ দিনের ব্যবধানে ডাবলি ও ছোলার দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। কেন দাম বাড়ল, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা নেই। সিটি গ্রুপ সরবরাহ কমিয়ে দেয়ায় কেউ কেউ বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বেকারি পণ্যের দাম বাড়ার আশঙ্কার কথাও উঠে আসে সভায়। রুটি-বিস্কুট প্রস্তুতকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, বেকারি শিল্পে ময়দা, তেল ও চিনির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত তিন মাসে এ খাতের ২০টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং এতে প্রায় এক হাজার মানুষ চাকরি হারিয়েছেন।

তিনি বলেন, ময়দা, তেল ও চিনির দাম বর্তমান পর্যায়ে থাকলে আগামী চার-পাঁচ দিনের মধ্যে রুটি-বিস্কুটের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। ফলে রমজান সামনে রেখে এসব কাঁচামালের সরবরাহ ও মূল্য পরিস্থিতি এখনই পর্যবেক্ষণের আওতায় আনা প্রয়োজন।

নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহেল আক্তার বলেন, সিটি করপোরেশনকে সম্পৃক্ত না করে কার্যকর বাজার মনিটরিং সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে বাজার পরিচালনায় বিভিন্ন ধরনের অতিরিক্ত ব্যয় ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে। নারায়ণগঞ্জের একটি বাজারে প্রতিদিন একটি চৌকি বা খাট ভাড়া বাবদ তিন হাজার টাকা দিতে হয় বলে তিনি জানান।