আইআইইউসিতে যোগ দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
Printed Edition
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা বিশিষ্ট ইসলামী পণ্ডিত ড. আ ফ ম খালিদ হোসেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি আইআইইউসি তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে।
গতকাল ড. আ ফ ম খালিদ হোসেন কুমিরাস্থ আইআইইউসি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাস করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে ‘হজরত মুহাম্মদ (সা:)-এর খুতবা : একটি সামাজিক-সাংস্কৃতিক গবেষণা’ বিষয়ের ওপর পিএইচডি সম্পন্ন করেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারী, জামির উদ্দিন নানুপুরী, শাহ আহমদ শফী, জুলফিকার আহমদ নকশবন্দী তার শিক্ষকদের মধ্যে অন্যতম।
ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাসিক আত তাওহিদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমরগণি এম.ই.এস. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। তাছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। বিজ্ঞপ্তি।