যুক্তরাজ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজের সাফল্য

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬’-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। ম্যানচেস্টারের বোল্টনে অবস্থিত জাকারিয়া জামে মসজিদে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত বিশ্বমঞ্চের এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১১০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ‘অ২’ গ্রুপে নিজের অনন্য সাফল্য ছিনিয়ে আনেন হাফেজ সাদ। সমাপনী দিনে আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদের পাশাপাশি সম্মাননা দেয়া হয়।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি থেকে এর আগেও একাধিক শিক্ষার্থী সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। সাদের এই সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, এটি কেবল সাদ নূরের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের গৌরব। কুরআনিক আদর্শে তৈরি হয়ে শিক্ষার্থীরা যেন বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারে, সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।