বিমানবাহিনীর ৩ সদস্যসহ পাঁচ জেলায় ১২ জন নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
জামালপুর, ঢাকা, গাইবান্ধা, নেত্রকোনা ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যসহ মোট ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২৮ জন। এর মধ্যে জামালপুরে বাসের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত ও বাসের ২০ যাত্রী আহত এবং ঢাকায় শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর তিন সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত, নেত্রোকানার কেন্দুয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত ও চারজন আহত এবং যশোরের বাঘারপাড়ায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে অজ্ঞাত যানের চাপায় এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।
ইজিবাইকের ৪ যাত্রী নিহত
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস লাহেড়ীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজিবাইকটির ওপর পড়ে যায় ।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। অপর একজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়া আহত হয়েছেন বাসের কম পক্ষে ২০ যাত্রী। নিহতরা হলেন- রুবেল রানা (৪৩), সাদ্দাম হোসেন (৩০), জালাল উদ্দিন (৪০) ও মকবুল হোসেন (৩২)। সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিমানবাহিনীর ৩ জন নিহত
বাসস জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিন সদস্য নিহত হয়েছেন।
তারা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল।
সোমবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো চারজন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। তারা হলেন- করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
আহতদের মধ্যে করপোরাল মাহবুব ও এলএসি আহাদের অবস্থা গুরুতর ।
গোবিন্দগঞ্জে নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৯)।
স্থানীয়রা জানান, সকালে মহাসড়কে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে সড়কের দুই পাশে দু’টি মোটরসাইকেল ছিটকে পড়ে থাকতে দেখা যায়। পাশেই গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন দুই আরোহী। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। পরে অ্যাম্বুলেন্সে বগুড়ায় নেয়ার পর শজিমেক হাসপাতালের চিকিৎসক লিমন ও রুবেলকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনায় নিহত ২
নেত্রকোনা প্রতিনিধি ও কেন্দুয়া সংবাদদাতা জানান, নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুই যাত্রী নিহত এবং চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার নান্দলাল গ্রামের অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৪১) এবং চান্দ্রপুর গ্রামের লিজা আক্তার। সোমবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে ওই সড়ক পথের রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রপাড়া এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক নারী নিহত এবং চার যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
যশোরে দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা জানান, ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম শাহাদাত হোসেন (৭৫)। তার বাড়ি বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামে। গতকাল ভোর সোয়া ৪টার দিকে ওই গ্রামের ওসমান ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাহাদাত হোসেনের ছেলে রিজাউল ইসলাম জানিয়েছেন, ভোরে ফজরের আজান হওয়ার পর প্রতিদিনের মতো তিনি ও পিতা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেলেন। পিতা শাহাদাত হোসেন তার আগে মসজিদের দিকে রওনা হন। যশোর নড়াইল সড়ক পার হয়ে মসজিদে যেতে হয়। সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কোনো যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।