রিহ্যাব ফেয়ার উদ্বোধনে রাজউক চেয়ারম্যান

শুধু পকেট ভরলেই হবে না দায়বদ্ধতা থাকতে হবে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো: রিয়াজুল ইসলাম আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, শুধু পকেট ভরলেই হবে না, দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে। আবাসন প্রকল্প বাস্তবায়ন করে ব্যবসায়ীরা কিছু পেলেন, ভূমির মালিকরাও কিছু পেলেন আবার রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা মিলেমিশে কিছু পেলো। এভাবে কি দেশ চলবে? তিনি নিজেই উত্তর দিলেন, ‘না, চলবে না।’ তিনি বলেন, আমি সব সময় বলি, প্রথম দায়বদ্ধতা রাজউকের। কারণ, রাজউক প্ল্যান দেয়, তদারকি করে। পৃথিবীর কোনো দেশেই যে সংস্থা প্ল্যান দেয়, তদারকি করে কিন্তু নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণের কাজটি ভিন্ন সংস্থায় হওয়া উচিত।

গতকাল রিহ্যাব ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান আরো বলেন, আসুন একটি সুন্দর শহর গড়ে তুলতে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করি। আমরা এমন শহর কেন গড়ে তুলবো, যেখানে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না। সবার উদ্দেশে তিনি বলেন, একটি পরিবেশবান্ধব সুন্দর শহর গড়ে তুলি নিয়মের মধ্যে। তিনি বলেন, এটা ঠিক, এক দিনেই সব কিছু হবে না, ধাপে ধাপে গড়ে তুলতে হবে। আমাদের সেই মেধা ও যোগ্যতা আছে। তিনি বলেন, আমরা ও আপনারা দুই পক্ষ এক হয়ে সততার সাথে শহর গড়ে তুললে রাজউকের মোবাইল কোর্ট করার প্রয়োজন হবে না।

রিহ্যাবের সভাপতি মো: ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা: ফেরদৌসী বেগম। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ভবন তৈরি করলে সেটা যেমন টেকসই হয়ে থাকে তেমনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না। তিনি আবাসন ব্যবসায়ীদের গৃহায়ন কর্তৃপক্ষের প্রকল্পে বিনিয়োগ করার আহ্বান জানান।

রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে মানুষের মধ্যে ভালো জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুঁইয়া আবাসন খাতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও মেলা কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মোক্তাদির। অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্টে-১ এম এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ এবং রিহ্যাব ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান সুরুজ সরদার, রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এ ফেয়ার চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে ২২০টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা।