৯৮তম অস্কারে সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়েছে ‘সিনার্স’
Printed Edition
সাকিবুল হাসান
ভ্যাম্পায়ার-থ্রিলার ধাঁচের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সিনার্স’ অস্কারে মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়েছে রায়ান কুগলার পরিচালিত ছবিটি। এতে যমজ ভাইয়ের চরিত্রে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন আমেরিকান তারকা মাইকেল বি. জর্ডান। ‘সিনার্স’ ছবির জন্য সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে একাই পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন রায়ান কুগলার। এছাড়া সেরা পার্শ্ব অভিনেতা (ডেলরয় লিন্ডো), সেরা পার্শ্ব অভিনেত্রী (উনমি মোসাকু), সেরা রূপসজ্জা ও চুলসজ্জা, সেরা মৌলিক আবহ সঙ্গীত, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মৌলিক গান, সেরা শিল্প নির্দেশনা, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা শব্দ, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস, সেরা চিত্রগ্রহণ ও নতুন চালু হওয়া সেরা কাস্টিং বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।
এবারের অস্কারে দ্বিতীয় সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে পল টমাস অ্যান্ডারসন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও। তার সহশিল্পী বেনিসিও দেল তোরো ও শন পেন সেরা পার্শ্ব অভিনেতা আর টিয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জায়গা পেয়েছেন। এছাড়া ‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন টিমোতি শালামে। মার্টি সুপ্রিম, ফ্রাঙ্কেনস্টাইন, সেন্টিমেন্টাল ভ্যালু ও হ্যামনেট ৯টি করে মনোনয়ন পেয়েছে। ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়রের স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য জেসি বাকলি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ সেরা চলচ্চিত্র, সেরা আন্তর্জাতিক কাহিনীচিত্রসহ চার বিভাগে রয়েছে। এতে অভিনয়ের জন্য ভাগনার মোরা সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ২৪টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী ড্যানিয়েল ব্রুকস ও অভিনেতা লুইস পুলম্যান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাকাডেমি সভাপতি লিনেট হাওয়েল টেলর। অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে সরাসরি দেখানো হয় এই আয়োজন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৯টি শাখার সদস্যদের ভোটে এবারের অস্কারের মনোনয়ন তালিকা চূড়ান্ত হয়েছে। অভিনয়শিল্পী সদস্যরা অভিনয়শিল্পীদের, কস্টিউম ডিজাইনাররা পোশাক পরিকল্পনা- এভাবে সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা একই পেশার কলাকুশলীদের ভোট দিয়েছেন। পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভোট দিয়েছেন অ্যাকাডেমির সব শাখার সদস্যরা। সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে সব সদস্যের সম্মিলিত ভোটে। এবার ৮৮টি দেশের সদস্যরা অনলাইন ব্যালটের মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অ্যাকাডেমির সক্রিয় সদস্যরা ভোট দিয়ে ২৩টি বিভাগে বিজয়ীদের চূড়ান্ত করবেন। ২০২৬ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো জমকালো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
একনজরে ৯৮তম অস্কারের
প্রধান মনোনয়ন তালিকা
সেরা সিনেমা : বুগোনিয়া, এফওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।
সেরা পরিচালক : রায়ান কুগলার (সিনার্স), ক্লোয়ি জাও (হ্যামনেট), জশ স্যাফডি (মার্টি সুপ্রিম), পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইয়োয়াকিম ত্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু)।
সেরা অভিনেতা : মাইকেল বি. জর্ডান (সিনার্স), টিমোতি শালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), ভাগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী : জেসি বাকলি (হ্যামনেট), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনোতে রাইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু), এমা স্টোন (বুগোনিয়া)।
সেরা পার্শ্ব অভিনেতা : বেনিসিও দেল তোরো, জ্যাকব এলোর্ডি, ডেলরয় লিন্ডো, শন পেন, স্টেলান স্কর্সগার্ড।
সেরা পার্শ্ব অভিনেত্রী : এল ফ্যানিং, ইঙ্গা ইবসডটার লিলাস, অ্যামি ম্যাডিগ্যান, উনমি মোসাকু, টিয়ানা টেলর।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল), ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স), সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে), সিরাট (স্পেন), দ্য ভয়েস অব হিন্দ রাজাব (তিউনিসিয়া)।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : আর্কো, এলিও, কেপপ ডিমন হান্টার্স, লিটল অ্যামেলি অর দ্য ক্যারাক্টার অব রেইন, জুটোপিয়া টু।