রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

Printed Edition
artho-4
রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরো দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো: মোতাছিম বিল্লাহ এবং রূপালী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

এই চুক্তির আওতায় বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে রূপালী ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। রূপালী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সেই অর্থ সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। ফলে দেশের যেকোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং প্রবাসী বাংলাদেশীদের আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে, নগদ নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো: আহসানুল হক বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রূপালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো: ইসমাইল হোসেন শেখ, মো: মঈন উদ্দিন মাসুদ, সালামুন নেছা ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।