চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে টেলিভিশন ক্যাপিটালস। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গতকাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বেতার ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়েছে ক্যাপিটালস। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে মাত্র ৭১ রান সংগ্রহ বেতার ওয়ারিয়র্সের। ৭২ রানকে তাড়ায় নেমে ১৮ বল হাতে রেখেই এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ক্যাপিটালস।
আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। অতিথি ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে।