লক্ষাধিক ফুলের সমারোহ

বর্ণিল সাজে চট্টগ্রামের ডিসি পার্ক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সলিমপুর মৌজার সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর গড়ে উঠা ডিসি পার্ক এবার সেজেছে মনোমুগ্ধকর নতুন রূপে। প্রতি বছরের ন্যায় এবারো ডিসি পার্কে দেশের বৃহত্তম ফুল উৎসব ‘চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬’ এর আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশী-বিদেশী প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, কাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফাওয়ার ট্রি।

ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আজ শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম ফুল উৎসব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ বছরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণমেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এ ছাড়াও এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল থাকবে।

আজ শুক্রবার থেকে শুরু হবে মাসব্যাপী এ ফুল উৎসব, আর এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো: আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।