ঢাকা-৪ আসনে বৃক্ষরোপণ উদ্বোধন

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী : সৈয়দ জয়নুল আবেদীন এমপি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৪ সংসদীয় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল জুরাইন রেলগেটসংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই লক্ষ্যে প্রতি বছরের মতো এবারো রাজধানীতে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বৃক্ষ শুধুমাত্র একটি গাছ নয়, বরং এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করতে গাছ মুখ্য ভূমিকা পালন করে। তাই গাছ নিধন বা না কেটে রোপণে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদতমলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে ও শ্যামপুর জোনের সহকারী পরিচালক মো: মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা জুনাইদ আহমেদ, মো: কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন, মো: ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।